
কুষ্টিয়ায় ৩১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংমার্চের সমাপনী সমাবেশের স্থান পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির স্থানীয় নেতারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর এমপি বলেন, গণভোটের গণরায় কার্যকর, গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ ৭দফা দাবিতে দেশব্যাপী লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুরের কর্মসূচি শেষে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা হয়ে কুষ্টিয়ায় লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে এমপি আব্দুল গফুর বলেন, সমাবেশের জন্য প্রথমে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠ ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্টেডিয়াম রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার করা যাবে না। পরে জেলা স্কুল মাঠে সমাবেশের অনুমতি চাওয়া হয়। জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনারের প্রাথমিক অনুমতির পর পোস্টার, ব্যানার ও লিফলেট বিতরণসহ প্রচারের কাজ প্রায় শেষ করা হয়েছিল।
তবে গত সোমবার জেলা প্রশাসন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠি পাঠিয়ে জেলা স্কুল মাঠের পরিবর্তে স্টেডিয়ামে সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, প্রস্তুতির শেষ পর্যায়ে এসে স্থান পরিবর্তনের নির্দেশ দেওয়ায় তাঁরা জটিলতায় পড়েছেন।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, প্রশাসনের এ সিদ্ধান্ত পক্ষপাতমূলক ও হঠকারী। অনুমতিপত্রের অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্য দলীয় নেতাদের কাছে পাঠানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
তবে সব বাধা উপেক্ষা করে ৩১ অক্টোবর কুষ্টিয়ায় লংমার্চের সমাপনী সমাবেশ আয়োজনের ঘোষণা দেন জামায়াত নেতারা। সাত দফা দাবির পক্ষে সাধারণ মানুষের সমর্থন তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী সুজাউদ্দিন জোয়ার্দারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকেরা।