
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজার নামাজ শেষে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বাদ মাগরিব তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে জানাজা শেষ হওয়ার পরপরই সেখানে উপস্থিত প্রায় অর্ধশতাধিক ব্যক্তি হঠাৎ জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে।
ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, জানাজা শেষে যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়, সেই সংখ্যাটি এই মুহূর্তে বলতে পারছি না। যাচাই-বাছাই করে জানানো হবে।
এর আগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। বর্ষীয়ান এই নেতার পরবর্তী জানাজা হবে আগামীকাল (মঙ্গলবার) ভোলায় তার গ্রামের বাড়িতে।