
ভোলার চরফ্যাশন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত থেকে বিকেল ৪টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার আহমেদপুরধীন মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা।
অভিযানকালে সন্দেহভাজন একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে ৪টি ট্রলিং জাল, ২টি উইংস, ১টি ডেরিক, ২টি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম উদ্ধার করা হয় এবং বোটটিতে থাকা ১৪ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত বোট, ট্রলিং জাল, অন্যান্য সরঞ্জাম ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দেশের মূল্যবান মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ আহরণ রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।