
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ভোলার বাপ্তা এলাকায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে “বাপ্তা সমাজ সেবা সংগঠন”। সংগঠনটির উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বুধবার বিকেল ৪টায় বাপ্তা ধনিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এতে অংশ নেন এলাকার উদ্যমী তরুণরা, যারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই আয়োজনকে সফল করে তোলেন। “তরুণ প্রজন্মের উদ্যোগে মানবিক সহায়তা”—এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা জি এম ছানাউল্লাহ বলেন, করোনা মহামারির দুর্যোগপূর্ণ সময়ে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়। সেই সময় লকডাউনে ঘরে বন্দী মানুষের কাছে বাসায় বাসায় খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতে বন্যা পরিস্থিতিতে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ, ভোলার বেরিবাঁধ ভাঙনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং ঘরহীন মানুষের সহায়তায় নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের এই ছোট উদ্যোগ একদিন বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করবে—এই স্বপ্ন নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা পেলে আমরা আরও ব্যাপকভাবে কাজ করতে পারবো।”
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রুবেল ফকির, সাদ্দাম হোসেন, মোঃ আবু জাফর, হাসান মাহি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় রুবেল ফকির বলেন, “এটি আমাদের প্রাণের সংগঠন। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করি না—এটি সম্পূর্ণ মানবিক একটি উদ্যোগ। আমরা বাপ্তার মানুষের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ, সবাই পাশে থাকলে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হবো।”
স্থানীয় বাসিন্দারা এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তরুণদের এই মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের আরও বেশি মানুষ উপকৃত হবে।