
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভোলা সদর উপজেলা কার্যালয়ের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব লুকু চৌধুরী।
আজ ২১ জুলাই সকালে বিআরডিবি ভোলা সদর কার্যালয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিআরডিবির জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পল্লী উন্নয়ন সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবাগত চেয়ারম্যান লুকু চৌধুরী কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান।
শুভেচ্ছা গ্রহণকালে লুকু চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিআরডিবির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন , বিআরডিবি প্রান্তিক জনগণের অর্থনৈতিক মুক্তি ও পল্লী এলাকার সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভোলা সদরের প্রতিটি গ্রামে সরকারের পল্লী উন্নয়নমূলক সেবা পৌঁছে দেওয়া এবং প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য। এ কাজের জন্য আমি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আশা প্রকাশ করেন যে, লুকু চৌধুরীর দূরদর্শী নেতৃত্ব এবং অভিজ্ঞতার মাধ্যমে ভোলা বিআরডিবির কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে এবং পল্লী এলাকার দারিদ্র্য বিমোচনে সংস্থাটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
সংবর্ধনা পর্ব শেষে নবাগত চেয়ারম্যান বিআরডিবির চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।