
ভোলা সদরের কাচিয়া মাঝেরচরে সরকারি সম্পদ 'মজিব কিল্লা'র মালামাল দিনদুপুরেই লুটপাট করে নিয়ে যাচ্ছে একদল প্রভাবশালী চক্র। বারবার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারণে তারা কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাচিয়া মাঝের চরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুফিয়ান, রুবেল, দ্বীন ইসলাম ও আনোয়ারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল প্রকাশ্যে সরকারি এই কিল্লার অবকাঠামোগত মালামাল হরিলুট করে নিয়ে যাচ্ছে। এতে সরকারের লাখ লাখ টাকার সম্পত্তি বিনষ্ট হলেও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না।
এ বিষয়ে চরম দায়সারা মন্তব্য করেছেন কাচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মিজানুর রহমান। তিনি বলেন, "আমি ৮ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তিনি বিষয়টি সরাসরি থানায় ফরোয়ার্ড না করে আমাকেই মামলা করতে বলেছেন। এখন আমরা মামলা করলে কি পুলিশ আমাদের কথা শুনবে?"
অন্যদিকে, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র দাস তিনি বলেন, "আমরা পরিষদ প্রশাসককে নির্দেশ দিয়েছি থানায় মামলা দায়ের করার জন্য। তিনি এ বিষয়ে কতটুকু কী পদক্ষেপ নিয়েছেন, আজ পুনরায় খোঁজখবর নিয়ে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন পাল্টাপাল্টি যুক্তি আর ঠেলাঠেলির সুযোগে সরকারি সম্পদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবিলম্বে লুটপাটকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে দ্বীপ এলাকার অতি গুরুত্বপূর্ণ এই দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রটি পুরোপুরি লুটপাট হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।