
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (পার-২ শাখা) থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। গত ৩রা নভেম্বর উপসচিব সাইফফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডা. তৈয়বুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে মহাখালী, ঢাকায় বদলি করা হয়েছে।
বদলিকৃত এই কর্মকর্তাকে আগামী ৫ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় আগামী ৭ তারিখে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এদিকে ভোলার হাসপাতালের আলোচিত এই চিকিৎসকের ওএসডির খবরে স্বস্তি ফিরেছে সাধারণ রোগীদের মাঝে। বিভিন্ন সময় অনিয়মের প্রতিবাদ করায় রোগীর স্বজনদের ডা. তৈয়বুর রহমানের অফিস কক্ষে আটকে নির্যাতনের মতো গুরুতর অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।