
রাজধানীর মোহাম্মদপুরে ভোলা সদর উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নের অধিবাসীদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ আগস্ট বিকেলে আয়োজিত এ সভায় কাচিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আগমন ঘটে।
অনুষ্ঠানে কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. ইউসুফ উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক বিষয়াদি নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
সভায় অ্যাডভোকেট ইউসুফ কাচিয়া ইউনিয়নের উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার নানা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, "কাচিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
মোহাম্মদপুরে বসবাসরত কাচিয়া ইউনিয়নের পেশাজীবী ও সর্বস্তরের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করেন। এসময় তারা এলাকার বিভিন্ন সমস্যা, নিজেদের নানা প্রত্যাশা ও মূল্যবান মতামত অ্যাডভোকেট ইউসুফের সামনে তুলে ধরেন। উপস্থিত সবাই এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।