ভোলার রাজাপুরের ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিধির চন্দ্রের শিক্ষার্থীদের সাথে ধারণ করা একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সিনেমাটিক স্টাইলে তৈরি এই ভিডিওটি প্রকাশের পর থেকে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভিডিওটিতে দেখা যায়, শিক্ষক নিধির চন্দ্র দক্ষিণ ভারতীয় (তামিল) সিনেমার জনপ্রিয় কোনো নায়কের ঢঙে হেঁটে আসছেন এবং তাকে ঘিরে শিক্ষার্থীরা নাটকীয় ভঙ্গিতে নানা দৃশ্য ফুটিয়ে তুলছে। জানা গেছে, গত বছর বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের অনুরোধেই ভিডিওটি ধারণ করা হয়েছিল।
সম্প্রতি ‘আখি’ নামের একটি টিকটক আইডি থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পরপরই তা নেটিজেনদের নজরে আসে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই কমেন্ট বক্স ও শেয়ারের মাধ্যমে ভিডিওটি নিয়ে শুরু হয় জোর আলোচনা ও সমালোচনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে শিক্ষকের পক্ষে মন্তব্য করেছেন। তাদের মতে, এটি কেবলই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার একটি আনন্দঘন মুহূর্ত এবং তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। অন্যদিকে সমালোচকরা বলছেন, এ ধরনের কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও ভাবমূর্তির সাথে মানানসই নয়। পড়ালেখায় মনোযোগ না দিয়ে এমন শুটিংয়ে অংশ নেওয়া অনুচিত বলে মনে করছেন তারা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগী মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তোলপাড়।