নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলার মেঘনা নদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ও জ্যাকেট পরে সাধারণ জেলেদের ওপর হামলা এবং জাল ও মাছ লুটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ‘সবুজ বাহিনী’ নামের একটি নতুন সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
অভিযুক্ত সবুজের বাড়ি পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি স্থানীয় ভুট্টু ওরফে ‘লেডা ভুট্টু মাঝি’র ছেলে।
ভুক্তভোগী জেলে ইব্রাহীম মাঝি ও কামাল মাঝি জানান, প্রশাসনের ব্যবহৃত লাল রঙের জ্যাকেট পরে সবুজের নেতৃত্বে কালুসহ ৮-১০ জনের একটি দল তিনটি স্পিডবোটে করে আকস্মিকভাবে তাদের ওপর চড়াও হয়। এ সময় প্রাণভয়ে জেলেরা তাদের কাছে জীবন ভিক্ষা চেয়ে ক্যারাটে বা কোনো রকমে আত্মরক্ষা করেন বলে জানান তারা। পরে হামলাকারীরা তাদের জাল ও মাছ লুটে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত সবুজের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা ভুট্টু মাঝি ঘটনার কথা শুনেছেন বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “বিষয়টি আমরা শুনেছি। তবে ঘটনার সময় আমাদের কোনো টিম নদীতে ছিল না। ভুক্তভোগী জেলেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”