ভোলার পরানগঞ্জ বাজারে দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পত্তি আদালতের রায়ে দখলে নিতে গিয়ে প্রতিপক্ষের সশস্ত্র হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার বিকেলে পরানগঞ্জ বিশ্বরোড চত্বরে হাওলাদার গ্রুপ ও কাজী গ্রুপের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটে। হামলাকারীরা ইটপাটকেল ও মরিচের গুঁড়ো নিক্ষেপ করে বলে ভুক্তভোগীদের দাবি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অনুসন্ধানে জানা যায়, পরানগঞ্জ বাজারের একটি মূল্যবান জমি নিয়ে হাওলাদার গ্রুপ এবং কাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। চলতি মাসেই বিজ্ঞ আদালত হাওলাদার গ্রুপের পক্ষে রায় প্রদান করেন।
আদালতের রায় পেয়ে সোমবার বিকেলে আলাউদ্দিন হাওলাদার ও সম্রাট হাওলাদার গং জমিতে ঘর উত্তোলন করতে যান। অভিযোগ ওঠে, তারা ঘর তুলতে গেলে কাজী গ্রুপের লোকজন তাদের বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় হামলাকারীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ও মরিচের গুঁড়ো ছুড়ে মারে।
ঘটনার শুরুতে পুলিশের একটি প্রাথমিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরবর্তীতে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এবং ডিবি ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামান।
ভুক্তভোগী সম্রাট হাওলাদার জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দীর্ঘ বছর মামলা লড়েছি। বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দেওয়ায় আমরা জমিতে এসেছিলাম। কিন্তু রাজীব কাজীর নেতৃত্বে আমাদের ওপর দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও মরিচের গুঁড়ো দিয়ে ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।”
তবে হামলার অভিযোগ অস্বীকার করে বিপরীত দাবি করেছেন প্রতিপক্ষ রাজীব কাজী। তিনি বলেন”এ জমিটি আমাদের নিজস্ব সম্পত্তি। আদালতের ভুয়া রায়ের দোহাই দিয়ে তারা গায়ের জোরে জমি দখলের চেষ্টা করেছে। এ জমি সংক্রান্ত মামলা এখনো মহামান্য হাইকোর্টে চলমান রয়েছে।”
বর্তমানে পরানগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।