মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলা সদর উপজেলার মেঘনা নদী তীরবর্তী এলাকায় পরিচালনা করা হয়েছে এক বিশেষ অভিযান। অভিযানে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।
আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ভোলা সদর উপজেলার মেঘনা নদী সংলগ্ন এলাকায় ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বশির আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে একদল অসাধু ব্যবসায়ী মেঘনা নদী থেকে ইলিশ আহরণ করে বিক্রি করার উদ্দেশ্যে তীরে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বশির আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা মাছ ফেলে ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪০ কেজি মা ইলিশ জব্দ করে।
জব্দকৃত ইলিশ মাছগুলো পরবর্তীতে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বশির আলম জানান, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি। সকালের অভিযানে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও মাছগুলো জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে আমাদের এ ধরনের টহল ও অভিযান অব্যাহত থাকবে।