কোনো দল বা ব্যক্তি বেহেশতের টিকিট দিতে পারে না- ভোলায় পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তারেক রহমানকে বিশ্বাস করুন, বাংলাদেশ ঠকবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচনের সময় অনেক প্রার্থী নানা প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের কাছে আসবেন। তবে সংসদে গিয়ে কারা বাস্তবে মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে পারবেন, সে বিষয়টি ভোটাররা ভালোভাবেই জানেন। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানো হলে তাঁর প্রথম কাজ হবে সংসদে দাঁড়িয়ে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবী তোলা। পাশাপাশি ভোলার অবহেলিত মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
ধর্মের প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান বলেন, কোনো দল বা ব্যক্তি বেহেশতের টিকিট দিতে পারে না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা করতে চায়, তাদের বর্জন করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, বেহেশত ও দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ, তাই কোনো ভণ্ড প্রতারকের কব্জায় পড়া যাবে না।
ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, উত্তর দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ এবং ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন। এর আগে আন্দালিব রহমান পার্থ উত্তর দিঘলদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ করেন। এ সময় বিএনপি ও জোটভুক্ত দলগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।