“নেতা আর টাকা ছাড়া সরকারি চাকরি হয় না”— প্রচলিত এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে অভাবের সংসার থেকে উঠে এসে মাত্র ছয় মাসের প্রস্তুতিতে পর পর চারটি সরকারি চাকরি অর্জন করেছেন ভোলার এক তরুণ। সর্বশেষ ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে চাকরি পাওয়ার পর আনন্দে কেঁদে ফেলেছেন তাঁর অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ বাবা। ছেলের এই অভাবনীয় সাফল্যে কৃতজ্ঞতা জানাতে দ্বীপ জেলা ভোলা থেকে সোজা ঢাকায় ছুটে এসেছেন তিনি।
সংগ্রাম আর সফলতার এই অনুপ্রেরণাদায়ক ঘটনাটি ঘটেছে ঢাকার আগারগাঁওয়ের বিখ্যাত ‘ঢাকা বহুভাষী সাঁটলিপি ট্রেনিং সেন্টার’-কে কেন্দ্র করে। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ আবদুর রব চৌকিদারের পাঁচ ছেলে-মেয়ের মধ্যে দ্বিতীয় আবদুল মান্নান। ২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে এইচএসসি পাস করার পর অভাবের তাড়নায় বাবার স্বপ্ন পূরণে গ্রাম পুলিশে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেই চেষ্টার পেছনে ৮ শতাংশ পৈত্রিক সম্পত্তি বিক্রি করেও সফলতার মুখ দেখেননি। অবশেষে জীবিকার তাগিদে একটি কোম্পানিতে চাকরি নেন এবং পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যান।
আবদুল মান্নানের ছোট ভাই নুরুউদ্দিন একটি দোকানে চাকরি করার সুবাদে পরিচয় হয় বেকার ও শিক্ষিত যুবকদের আস্থার ঠিকানা ‘ঢাকা বহুভাষী সাঁটলিপি ট্রেনিং সেন্টার’-এর পরিচালক জানে আলমের সাথে। পরে ফেসবুক পেইজের মাধ্যমে অনুপ্রেরণা পেয়ে নুরুউদ্দিনের হাত ধরেই এই কোচিং সেন্টারে ভর্তি হন আবদুল মান্নান। আর মাত্র ৬ মাসের পড়াশোনাতেই বাজিমাত করেন এই তরুণ, পরপর পেয়ে যান ৪টি সরকারি চাকরি।
ছেলের এমন অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা আবদুর রব চৌকিদার। তিনি বলেন, “আমার সন্তান এত বড় পদে চাকরি করবে, জীবনে কোনোদিন কল্পনাও করিনি! আল্লাহ সহায় হয়েছেন আর উছিলা হিসেবে কাজ করেছে এই প্রতিষ্ঠান।”
কৃতজ্ঞতা প্রকাশ করে সফল তরুণ আবদুল মান্নান বলেন, “আমাদের গ্রাম পুলিশে চাকরি দেওয়ার জন্য বাবা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তখন বাবার চোখে জল দেখেছি। বাবাকে শুধু বলতাম, ধৈর্য ধরতে, আল্লাহ আমাদের সফলতা দেবেন। অভাবের সংসারে বড় হয়েছি, বাবা তিন মাস পর পর বেতন পেতেন। আজ বাবার সেই দুঃখ মুছে দেওয়ার সময় এসেছে। এর পেছনে বড় উছিলা হলো ‘ঢাকা বহুভাষী সাঁটলিপি ট্রেনিং সেন্টার’। আমার চাকুরীর কথা শুনে বাবা-মা অনেক খুশি হয়েছে, বাবা চলে এসেছে ঢাকায় কোচিং সেন্টারের স্যারদের ধন্যবাদ জানাতে।”
ঢাকা বহুভাষী সাঁটলিপি ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী মো. কামরুল ইসলাম বলেন, “আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। সমাজে একটি কথা রটে আছে যে, নেতা আর টাকা ছাড়া সরকারি চাকরি হয় না—আমরা সেই ধারণা দূর করতে চাই। আজ আব্দুল মান্নানের বাবা আনন্দে কেঁদেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় তৃপ্তি। এমন অসংখ্য বাবা এসে আমাদের দোয়া করেন, এটাই আমাদের শ্রেষ্ঠ পাওয়া।”
উল্লেখ্য, ঢাকা বহুভাষী সাঁটলিপি ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতি বছর বহু শিক্ষার্থী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি কার্যালয়ে সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত কর্মকর্তা এবং অফিস সহকারী পদে সরকারি চাকরি লাভ করে আসছেন।